জামায়াত সম্পর্কে আজহারীর মন্তব্য দাবিতে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া 

সম্প্রতি, “বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী আল্লাহর নিয়ামত” দাবিতে এনটিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের রাজনীতি ও জামায়াতে ইসলামী প্রসঙ্গে ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীকে উদ্ধৃত করে এনটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম এনটিভির লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৫ অক্টোবর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে এনটিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি এনটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের গাঢ়ত্ব ও লাইন স্পেসে অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত তথ্য বা সংবাদের সত্যতা মেলেনি।

এছাড়া, মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্টের সন্ধান মেলেনি।

সুতরাং, বাংলাদেশের রাজনীতি ও জামায়াতে ইসলামী প্রসঙ্গে ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীকে উদ্ধৃত করে এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

Share: