প্রথম আলোর নামে বানোয়াট ফটোকার্ড ফ্যামিলি কার্ডের আবেদনের ভুয়া লিংক প্রচার

সম্প্রতি ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঈদের আগেই পাবেন ৫০০০ টাকা’ শিরোনামে সংবাদমাধ্যম প্রথম আলোর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছ। পোস্টের কমেন্টে দেওয়া লিংকে ‘https://prothom-alo.online/family-card/’ নামের একটি ওয়েব সাইটের লিংক দিয়ে তাতে ফ্যামিলি কার্ডের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্যামিলি কার্ডের জন্য আবেদন এখনও শুরু হয়নি এবং প্রথম আলোও এ সংক্রান্ত কোনো সংবাদ দেয়নি। প্রকৃতপক্ষে, পত্রিকাটির নামে ভুয়া একটি ওয়েবসাইট খুলে প্রতারণার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত দাবির পোস্টে https://prothom-alo.online নামক একটি ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। উক্ত লিংকে প্রবেশ করলে ‘ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল ২০২৬’ শিরোনামে একটি পেজ খুলে যায়। পেজটিতে ‘আবেদন করুন’ নামে একটি বাটন রয়েছে, যাতে ক্লিক করলে একটি খালি পাতায় নিয়ে যাচ্ছে৷

সাইটটির ডোমেইন যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রথম আলোর নামে চালু থাকা সাইটটির ডোমেইন রেজিষ্ট্রেশন করা হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর। বিডি ডেইলি নিউজ নামের অপর সাইটটির রেজিষ্ট্রেশন হয় ২৫ ডিসেম্বর।

অন্যদিকে, প্রথম আলোর নামে চালু হওয়া সাইটের ঠিকানা https://prothom-alo.online। কিন্তু প্রথম আলোর মূল ওয়েবসাইটের ঠিকানা https://www.prothomalo.com/। প্রথম আলোর নাম, লোগো ও ওয়েবসাইটের হুবহু নকশা নকল করে ভুয়া ওয়েবসাইট, ওয়েব পেজ তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ও বিজ্ঞাপন ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়৷ পত্রিকাটির পক্ষ থেকে গত জানুয়ারিতেও এ বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। সে সময় পত্রিকাটি বলেছিল, “কোনো তথ্য বা বিজ্ঞাপন সত্য কি না, তা যাচাই করতে পাঠকদের কেবল প্রথম আলোর অফিশিয়াল ওয়েবসাইট www.prothomalo.com –এ প্রকাশিত কনটেন্ট এবং প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।”

ফ্যামিলি কার্ডের আবেদন শুরুর দাবিরবিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন শুরু সংক্রান্ত কোনো তথ্য সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে কমিটি বিষয়ক অধিশাখার ১৯ ফেব্রুয়ারির একটি প্রজ্ঞাপন পাওয়া যায়। এতে বলা হয়, দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে।

অর্থাৎ, এই প্রজ্ঞাপন থেকেই স্পষ্ট যে, ফ্যামিলি কার্ডের জন্য এখনও মাঠ পর্যায়ে আবেদন শুরু হয়নি।

সুতরাং, ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে দাবিতে প্রচারিত আবেদন লিংকটি ভুয়া এবং ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঈদের আগেই পাবেন ৫০০০ টাকা’ দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: