তারেক রহমানকে জড়িয়ে সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য, প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

গেল জানুয়ারি মাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে ‘তারেক রহমান সাহেব তিনি ভারতে মুচলেকা দেয়ার বিষয়ে জাতীয়তাবাদী দল থেকে দেশের জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করছি’ শিরোনামে সংবাদমাধ্যম প্রথম আলোর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি এবং প্রথম আলোও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে প্রথম আলো র লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৩ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৩ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, প্রথম আলোর ফেসবুক পেজে গত ১৩ জানুয়ারিতে সালাহউদ্দিন আহমদের মন্তব্য দাবিতে ‘একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে : সালাহউদ্দিন আহমদ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। প্রথম আলোর মূল ফটোকার্ডটিতে ‘একটি শক্তি বিদেশিদের গোলামী করে রাজনীতি করছে : সালাহউদ্দিন আহমদ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক রহমান সাহেব তিনি ভারতে মুচলেকা দেয়ার বিষয়ে জাতীয়তাবাদী দল থেকে দেশের জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করছি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সালাহউদ্দিন আহমদ ‘তারেক রহমান সাহেব তিনি ভারতে মুচলেকা দেয়ার বিষয়ে জাতীয়তাবাদী দল থেকে দেশের জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Prothom Alo- Facebook Post

