আমরা টুপি পরার পরও যারা আমাদেরকে ভোট দিবেনা তারা ইসলামের শত্রু শীর্ষক মন্তব্য করেননি সারজিস আলম

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ছবি সংযুক্ত করে তাকে জড়িয়ে ‘আমরা টুপি পড়ার পরও যারা আমাদেরকে ভোট দিবেনা তারা ইসলামের শত্রু: সারজিস আলম’ শিরোনামে সংবাদমাধ্যম ‘প্রতিদিন খবর২৪’ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমরা টুপি পরার পরও যারা আমাদেরকে ভোট দিবেনা তারা ইসলামের শত্রু’ শীর্ষক মন্তব্য করেননি সারজিস আলম এবং এরূপ শিরোনামে ‘প্রতিদিন খবর২৪’ও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, প্রতিদিন খবর এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘প্রতিদিন খবর২৪’ নামক একটি সংবাদমাধ্যমের লোগো, ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৭ জানুয়ারি, ২০২৬’ এর উল্লেখ
পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ৭ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, ‘প্রতিদিন খবর২৪’ এর ফেসবুক পেজে গত ৭ জানুয়ারিতে সারজিস আলমের মন্তব্য দাবিতে ‘ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোনো পদ-পদবি ছিল না’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ‘প্রতিদিন খবর২৪’ এর মূল ফটোকার্ডটিতে ‘ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোনো পদ-পদবি ছিল না : সারজিস আলম’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমরা টুপি পড়ার পরও যারা আমাদেরকে ভোেট দিবেনা তারা ইসলামের শত্রু’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, প্রতিদিন খবর২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সারজিস আলম ‘আমরা টুপি পড়ার পরও যারা আমাদেরকে ভোট দিবেনা তারা ইসলামের শত্রু’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ‘প্রতিদিন খবর২৪’ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- প্রতিদিন খবর24- Facebook Post

