বিএনপিকে জড়িয়ে মির্জা ফখরুলের মন্তব্য দাবিতে আরটিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সংযুক্ত করে ‘বিএনপির অন্ত কন্দলে তিনশতাধিক মানুষ খুন হয়েছে এই জরিপ ১০০% সঠিক নই। আগামী নির্বাচন নির্ধারণ করবে-দেশের জনগণ কি উগ্রপন্থিদের ক্ষমতা আনবে কিনা: মির্জা ফখরুল’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম ‘আরটিভি’ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপিকে জড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে আরটিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আরটিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ইলেকট্রনিক সংবাদমাধ্যম আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২০ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২০ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, আরটিভির ফেসবুক পেজে গত ২০ জানুয়ারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দাবিতে ‘আগামী নির্বাচন নির্ধারণ করবে, দেশ উদার নাকি উগ্রপন্থিদের হাতে যাবে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘আগামী নির্বাচন নির্ধারণ করবে, দেশ উদার নাকি উগ্রপন্থিদের হাতে যাবে: মির্জা ফখরুল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বিএনপির অন্ত কন্দলে তিনশতাধিক মানুষ খুন হয়েছে এই জরিপ ১০০% সঠিক নই। আগামী নির্বাচন নির্ধারণ করবে-দেশের জনগণ কি উগ্রপন্থিদের ক্ষমতা আনবে কিনা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত আরটিভির পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২০ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য ‘কঠিন পরীক্ষা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির (উদার গণতন্ত্র) হাতে থাকবে, নাকি উগ্রপন্থী-রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।
সুতরাং, মির্জা ফখরুল ‘বিএনপির অন্ত কন্দলে তিনশতাধিক মানুষ খুন হয়েছে এই জরিপ ১০০% সঠিক নই। আগামী নির্বাচন নির্ধারণ করবে-দেশের জনগণ কি উগ্রপন্থিদের ক্ষমতা আনবে কিনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Rtv । আরটিভি- Facebook Post

