শরীয়তপুরে বোমা বিস্ফোরণে শিবির কর্মী নিহত দাবিতে আরটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি (৮ জানুয়ারি) শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসতঘর। এরই প্রেক্ষিতে, ‘শরীয়তপুরে বো’মা বি’স্ফো’রণে উড়ে গেল বসতঘর, শিবির কর্মী নিহত’ শিরোনামে আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শরীয়তপুরে বো’মা বি’স্ফো’রণে উড়ে গেল বসতঘর, শিবির কর্মী নিহত’ শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতিপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ৮ জানুয়ারি আরটিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। মূল ফটোকার্ডে শিরোনাম ‘শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত’ রয়েছে, যা পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডে ‘শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, শিবির কর্মী নিহত’ শিরোনাম সংযোজন করা হয়েছে।

অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত আরটিভির মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসতঘর। এ সময় ওই ঘরে থাকা সোহান নামে এক যুবক নিহত হয়েছেন।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, শিবির কর্মী নিহত’ শিরোনামে আরটিভির নামে প্রচারিত প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: