ইসলামী বক্তার কাছে থেকে চাঁদা তুলতে গিয়ে ছাত্রদলের ধরা পড়ার দাবিটি ভুয়া, সমকালের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল জানুয়ারি মাসে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি ছবিসহ ‘ইসলামী বক্তা ওয়াজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় ছাত্রদল ঐ হুজুরের কাছে চাঁদা দাবি করতে যেয়ে ধরা পড়ছে’ শিরোনামে সংবাদমাধ্যম সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন (এখানে), (এখানে), (এখানে) এবং (এখানে)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইসলামী বক্তা ওয়াজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় ছাত্রদল ঐ হুজুরের কাছে চাঁদা দাবি করতে যেয়ে ধরা পড়ছে’ শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং, সমকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সমকালের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৬ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ , ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ০৬ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, সমকালের ফেসবুক পেজে গত ০৬ জানুয়ারি ‘ইসলামী বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সমকালের মূল ফটোকার্ডটিতে

‘ইসলামী বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা’ বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ইসলামী বক্তা ওয়াজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় ছাত্রদল ঐ হুজুরের কাছে চাঁদা দাবি করতে যেয়ে ধরা পড়ছে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত সমকালের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এক ইসলামী বক্তার গাড়িতে ডাকাতিরা হামলা করে। ওয়াজ মাহফিল থেকে যে হাদিয়া পেয়েছে সেইটা না দেওয়াতে ডাকাতিরা দুজন কে আহত করে এবং এক পর্যায়ে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা সহ হাদিয়া নিয়ে চলে যায়। প্রতিবেদনের কোথাও উক্ত ঘটনার জন্য ছাত্রদলকে অভিযুক্ত করা হয়নি

সুতরাং, ‘ইসলামী বক্তা ওয়াজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় ছাত্রদল ঐ হুজুরের কাছে চাঁদা দাবি করতে যেয়ে ধরা পড়ছে’ শিরোনামে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: