বিএনপিতে যোগ দিতে চান বলে মন্তব্য করেননি ডা. তাহের, সমকালের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা-১১ আসন তথা চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জড়িয়ে তার ছবিসহ দৈনিক সমকাল এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘বিএনপিতে যোগ দিতে চাই আব্দুল্লাহ মুহাম্মদ তাহের নেতা কর্মীদের আহ্বানির ধানের শীষে ভোট দিতে’।
অর্থাৎ, দাবি করা হয়েছে- জামায়াতের এই নেতা বিএনপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এবং তার নেতা-কর্মীদেরও বিএনপির নির্বাচনী মার্কা ধানের শীষে ভোট দিতে আহবান জানিয়েছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জড়িয়ে সমকাল এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং ডা. তাহেরও বিএনপিকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকালের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক সমকালের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ০৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ০৫ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জড়িয়ে সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Samakal- Facebook Page
- Samakal- Website
- Samakal- YouTube

