‘মাথায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল’ শিরোনামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মাথায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল’ শিরোনামে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘মাথায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল’ শিরোনামে যমুনা টিভি আলোচিত ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও, প্রচারিত ছবিটি কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল অবস্থান নেওয়ার দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো থাকার সূত্রে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। যমুনা টিভির ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 
এছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির তুলনা করলে শিরোনাম ও তারিখের ফন্ট, ফন্টের আকারে পার্থক্য দেখা যায়। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে সংযুক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি ছবির সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

ছবির বর্ণনায় বলা হয়, ‘বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল’।

প্রসঙ্গত, কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী-সমর্থকরা এই মিছিল করেন। পরে টেকনাফ পৌরচত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘আওয়ামী-সুবিধাবাদী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন- ‘অবৈধ প্রার্থী মানি না, মানব না’, ‘আমি কে, তুমি কে, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই’, ‘জেল-জুলুম কারাগারে আব্দুল্লাহ ভাই, আমরা সবাই তাকে চাই’

সুতরাং, ‘কাফনের কাপড় পরে ছাত্রলীগের মশাল মিছিল দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: