ইরানকে নিয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে সময় টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য দাবিতে তার ছবিসহ সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয় তারেক রহমান বলেছেন, ‘রাশিয়া চীন উত্তর কোরিয়া ও বাংলাদেশ আমরা ইরান কে হারাতে দিবো না।’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাশিয়া চীন উত্তর কোরিয়া ও বাংলাদেশ আমরা ইরান কে হারাতে দিবো না’ শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তারেক রহমানও ইরানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ডিজাইনের আদলে একটি ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম সময় টিভির লোগোর উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইন ও শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ইরানকে নিয়ে তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: