‘আমাদের মাথার উপরে ছাতা জামায়াতকে নাই করে দিলেন’ শীর্ষক মন্তব্য করেননি জয়নুল আবেদিন ফারুক, ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে উদ্ধৃত করে ‘আমাদের মাথার উপরে ছাতা জামায়াত ইসলামকে নাই করে দিলেন ভারত-আওয়ামী লীগ-জাতীয় পার্টির সাথে পারবেন তো মোকাবেলা করতে সতর্ক করলেন’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি করেনি জয়নুল আবদিন ফারুক এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসাবে ব্যবহার করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, জয়নুল আবেদিন ফারুকের ফেসবুক প্রোফাইল ও বিএনপির ফেসবুক পেজ খতিয়ে দেখেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি।

সুতরাং, জয়নুল আবেদীন ফারুকক ‘‘আমাদের মাথার উপরে ছাতা জামায়াত ইসলামকে নাই করে দিলেন ভারত-আওয়ামী লীগ-জাতীয় পার্টির সাথে পারবেন তো মোকাবেলা করতে সতর্ক করলেন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: