রাষ্ট্রপক্ষের সুপারিশ অনুযায়ী জুলাইয়ের হত্যা মামলায় বদির জামিন দাবিতে বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রাষ্ট্রপক্ষের সুপারিশ অনুযায়ী জুলাই যোদ্ধাদের হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি বদির ৬ মাসের জামিন’ শিরোনামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদিত ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাষ্ট্রপক্ষের সুপারিশ অনুযায়ী জুলাই যোদ্ধাদের হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি বদির ৬ মাসের জামিন’ শিরোনামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দ বিজনেস স্ট্যান্ডার্ডের লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘২৬ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ২৬ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজে গত ২৬ ফেব্রুয়ারি ‘জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মূল ফটোকার্ডটিতে ‘জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে ‘রাষ্ট্রপক্ষের সুপারিশ অনুযায়ী জুলাই যোদ্ধাদের হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি বদির ৬ মাসের জামিন’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত টাইম বিজনেস স্ট্যান্ডার্ডের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদূর রহমান বদিকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে, অন্যান্য মামলা চলমান থাকায় তিনি এখনও কারাগারেই আছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনাদেশ দেন।’
সুতরাং, ‘রাষ্ট্রপক্ষের সুপারিশ অনুযায়ী জুলাই যোদ্ধাদের হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি বদির ৬ মাসের জামিন’ শিরোনামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- TBS বাংলা- Facebook Page
- TBS বাংলা- Website
- TBS বাংলা- YouTube
- Rumor Scanner’s analysis

