জামায়াতকে ওআইসির ভ্রান্ত ইসলামিক সংগঠন হিসেবে তালিকাভুক্তির দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড

সম্প্রতি, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভ্রান্ত ইসলামিক সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভ্রান্ত ইসলামিক সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো ওআইসি’ শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দৈনিক আমার দেশের ফটোকার্ড নকল করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের বিস্তর পার্থক্য রয়েছে। এছাড়াও আমার দেশের ফটোকার্ডে ছবি ব্যবহারের প্যাটার্নের সাথে আলোচিত ফটোকার্ডের ছবি ব্যবহারের প্যাটার্নের ভিন্নতাও লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে লক্ষ্য করা যায়, গত ১৮ ডিসেম্বর সকাল ১১ টা ৪৯ মিনিটে Elias Journalist নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার করা হয়। পরবর্তীতে একই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে ফটোকার্ডটি পোস্ট করা হয়। Elias Journalist নামের উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, এই অ্যাকাউন্ট থেকে প্রায়ই আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমের নামে এমন ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়।
পাশাপাশি ওআইসির ওয়েবসাইট পর্যালোচনা করেও তাদের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেওয়ার তথ্য পাওয়া যায়নি। এমনকি দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এমন কোনো তথ্য প্রচারিত হতে দেখা যায়নি।
সুতরাং, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভ্রান্ত ইসলামিক সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলো ওআইসি’ শিরোনামে দৈনিক আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Organisation of Islamic Cooperation Website
- Rumor Scanner’s Analysis

