হাদির ওপর শিবিরের হামলা দাবিতে বিবিসি বাংলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে ‘সাদিক কায়েমকে প্রার্থী করার জন্য হাদিকে সরিয়ে দিতে হাদির উপরে শিবিরের হামলা’ শীর্ষক শিরোনামে বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিবিসি বাংলা আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বিবিসি বাংলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিতে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিবিসি বাংলা এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তিনটি ফটোকার্ড (১, ২, ৩, ৪) প্রকাশ করেছে যার কোনোটির সাথেই আলোচিত দাবির মিল নেই।
বিবিসি বাংলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সংক্রান্ত কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও বিবিসি বাংলার আলোচিত ডিজাইন সংবলিত ফটোকার্ড পর্যালোচনা করে দেখা যায়, বিবিসি বাংলার ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।

সুতরাং, ‘সাদিক কায়েমকে প্রার্থী করার জন্য হাদিকে সরিয়ে দিতে হাদির উপরে শিবিরের হামলা’ শিরোনামে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis

