ডা. শফিকুর রহমানকে জড়িয়ে বিবিসি বাংলার নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

গত ৭ ডিসেম্বর Kutub Uddin নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে বিবিসি বাংলার ডিজাইন সংবলিত দুটি ফটোকার্ড প্রচার করা হয়।

বিবিসি বাংলার নামে ‘ভারত আমাদের বিশ্বস্ত প্রতিবেশি, জামায়াত ক্ষমতায় আসলে ভারতকে করিডোর দেব : শফিকুর রহমান’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়। প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও ‘গুটিকয়েক লোকের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা উচিত নাহ, তিনিও একজন আদর্শবান মা : শফিকুর রহমান’ শিরোনামে বিবিসি বাংলার নামে আরেকটি ফটোকার্ড প্রচার করা হয়। এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিবিসি বাংলা আলোচিত শিরোনামগুলোতে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বিবিসি বাংলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিগুলোতে প্রচারিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
প্রচারিত ফটোকার্ডগুলোর বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামগুলোতে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। উক্ত গণমাধ্যমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ডা. শফিকুর রহমানকে জড়িয়ে এমন কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়াও অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিগুলোতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও বিবিসি বাংলার আলোচিত ডিজাইন সংবলিত ফটোকার্ড পর্যালোচনা করে দেখা যায়, বিবিসি বাংলার ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত দাবিগুলোতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Analysis

