উত্তর ফটিকছড়িতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ দাবিতে ভিন্ন ঘটনার ভুয়া ফটোকার্ড প্রচার

বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে গতকাল শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ‘উত্তর ফটিকছড়িতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ চট্টগ্রাম জেলার উত্তর ফটিকছড়ি হেয়াকো, দাঁতমারাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উত্তর ফটিকছড়ি ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানান স্থানীয় একটি সূত্র’ শীর্ষক শিরোনামে আমার দেশ ও যমুনা টিভির ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তর ফটিকছড়ি নারায়ণহাট, দাঁতমারা, হেয়াঁকোতে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে’ শিরোনামে যমুনা টিভির ডিজাইন সংবলিত আরেকটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ঘটনাটি উত্তর ফটিকছড়িতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত বিক্ষোভের নয় এবং সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোও এ সংক্রান্ত ফটোকার্ডগুলো প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, চট্টগ্রামের সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকালের এই ঘটনার ফুটেজ দিয়ে ভুয়া ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভের ঘটনা দাবিতে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণে দেখা যায়, এগুলোতে জাতীয় দৈনিক আমার দেশ ও মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। একইভাবে যমুনা টিভির সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোতেও (ফেসবুক, ওয়েবসাইট) এ সংক্রান্ত দাবির কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। যমুনা কর্তৃপক্ষও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে যে ফটোকার্ডগুলো ভুয়া৷
ফটোকার্ডগুলো অধিকতর যাচাইয়ের জন্য পরবর্তীতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ এর শরণাপন্ন হয়। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ফটোকার্ড তিনটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোর পুরো অংশ বা অনেকটা অংশই গুগল এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে স্টার নিউজের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, চট্টগ্রামের সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪ জুলাই সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উত্তর ফটিকছড়ির নারায়নহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ফটোকার্ডে থাকা ছবিগুলো মূলত এই ঘটনারই।
একাধিক গণমাধ্যমেও এই ঘটনার একই ছবি-ভিডিও পাওয়া যাচ্ছে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
সুতরাং, উত্তর ফটিকছড়িতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Star News: ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন
- Rumor Scanner’s Own Analysis

