আসন্ন নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে আমার দেশের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এই নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেনা বলে জানিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীকে জড়িয়ে দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়- ‘ফেব্রুয়ারিতে কোনো ভাবেই নির্বাচন চায় না জামায়াত, নিষিদ্ধ আওয়ামী লীগে স্বস্তি’।

আরেকটি ফটোকার্ডে দাবি করা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, – ‘জামায়াত সরকার গঠন করবেই করবে আমরা তাদের শক্তি হতে চাই’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় ও নির্বাচনে জামায়াতে সরকার গঠন প্রসঙ্গে নুরুল হক নুরকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ উল্লিখিত ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ এর ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এগুলোতে জাতীয় দৈনিক আমার দেশ এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৪ অক্টোবর ও ১০ নভেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৪ অক্টোবর ও ১০ নভেম্বর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের গাঢ়ত্ব ও লাইন স্পেসে অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত তথ্য বা সংবাদের সত্যতা মেলেনি।

এছাড়া, নুরুল হক নুর এবং জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো পোস্টের সন্ধান মেলেনি।

সুতরাং, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দৈনিক আমার দেশের নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: