জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাগরিক টিভির নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ইলেকট্রনিক গণমাধ্যম নাগরিক টেলিভিশনের লোগো সংবলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়।

এর মাঝে একটি ফটোকার্ডে দাবি করা হয়, ‘জামায়াতে ইসলামীর কাছে হেদায়েত ও সর্গের নিশ্চয়তা চান ডোনাল্ড ট্রাম্প’। এমন দাবিতে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
অপর ফটোকার্ডে দাবি করা হয়, ‘জান্নাতের টিকিটের পর ঘরে ঘরে বিকাশে টাকা দেয়ার প্রলোভন জামায়াতের’। উক্ত ফটোকার্ডটি দেখুন এখানে (আর্কাইভ)।
‘শরিয়াহ আইন করলেও মেয়েরা হাফপ্যান্ট পড়তে পারবে: জামায়াতে ইসলামী’ শিরোনামে জামায়াতে ইসলামীর নামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে নাহিত ইসলাম ‘জামায়াতে ইসলামীর ১৯৭১ সালে গনহত্যার সঠিক ছিলো, মুক্তিযুদ্ধারা এদেশের শত্রু’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
আরেকটি ফটোকার্ডে দাবি করা হয় জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী ‘জামায়াতে ইসলামী কোনো ইসলামীক দল নয়’ শীর্ষক মন্তব্য করেছেন। এমন দাবিতে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে উল্লিখিত ব্যক্তিরা এমন কোনো মন্তব্য করেনি। এমনকি ইলেকট্রনিক গণমাধ্যম নাগরিক টিভিও আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করেনি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাগরিক টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
ফটোকার্ড যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে নাগরিক টিভির লোগো রয়েছে।
প্রাপ্ত লোগোর সূত্র ধরে নাগরিক টিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির সাথে সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। অন্যকোনো আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও এমন কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।

পাশাপাশি নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ফটোকার্ডটি নাগরিক টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।
তবে গতবছরের ১২ অক্টোবর ইসরায়েল যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার স্বর্গে যেতে পারা নিয়ে সংশয় প্রকাশ করতে দেখা যায়। তিনি সেসময় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে জানান, ‘সত্যি বলতে এমন কিছু করিনি, যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যিই না। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।’
ফটোকার্ড যাচাই ২
‘জান্নাতের টিকিটের পর ঘরে ঘরে বিকাশে টাকা দেয়ার প্রলোভন জামায়াতের’ শিরোনামে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটিতেও প্রকাশের তারিখের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সাথে সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি উক্ত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতাও লক্ষ্য করা যায়। অর্থাৎ, উক্ত ফটোকার্ডটিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভির ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।
তবে জামায়াতের পক্ষে ভোট চাইতে গিয়ে মাঠ পর্যায়ে ভোটারদের বিকাশে টাকা দেওয়ার মাধ্যমে প্রভাবিত করার অভিযোগ পাওয়া যায়।
ফটোকার্ড যাচাই ৩
‘শরিয়াহ আইন করলেও মেয়েরা হাফপ্যান্ট পড়তে পারবে: জামায়াতে ইসলামী’ শিরোনামে জামায়াতে ইসলামীর নামে প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানেও নাগরিক টিভির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়নি। উক্ত গণমাধ্যমের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলও এমন দাবি সংবলিত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

তবে বাংলাদেশ জামায়েত ইসলামীর রাজনীতির সাথে সংশ্লিষ্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মারদিয়া মমতাজকে একটি টকশোতে (১ ঘন্টা ১৭ মিনিট ৫৫ সেকেন্ড) দাবি করতে শোনা যায় যে, দেশে শরিয়াহ আইন কয়েম হলে কোনো নারী চাইয়ে সে হাফপ্যান্ট পরতে পারবেন।
ফটোকার্ড যাচাই ৪
ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জামায়াতে ইসলামীর ১৯৭১ সালে গনহত্যার সঠিক ছিলো, মুক্তিযুদ্ধারা এদেশের শত্রু’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে নাগরিক টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এমনকি অন্যকোনো গণমাধ্যমেও দাবিটির সাথে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়াও উক্ত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতাও লক্ষ্য করা যায়। অর্থাৎ, উক্ত ফটোকার্ডটিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভির ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।
ফটোকার্ড যাচাই ৫
জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী ‘জামায়াতে ইসলামী কোনো ইসলামীক দল নয়’ শীর্ষক মন্তব্য করার দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমটির ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির সাথে সম্পর্কিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ফটোকার্ডটি নাগরিক টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে।
তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী দলটির মনোনয়ন পাওয়া পর একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ‘আমাকে এমপি প্রার্থী ঘোষণার মাধ্যমে আরও স্পষ্টভাবে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রমাণিত হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল।’ শীর্ষক মন্তব্য করেন বলে জানা যায়।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে নাগরিক টিভির নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- WFAA Youtube Channel: RAW VIDEO: Donald Trump says he doesn’t think he’ll make it to heaven
- Daily Sun Bangla Facebook Page: ‘দাঁড়িপাল্লায় ভোট দিবেন বিকাশ নাম্বার দিবেন, এই দুনিয়ায় সুখ ঐ দুনিয়ায়ও সুখ’
- Gtv News Facebook Page: সহজ রাজনীতি
- The Daily Star Website: আমার মনোনয়ন প্রমাণ করে জামায়াতে ইসলামী অসাম্প্রদায়িক দল: কৃষ্ণ নন্দী
- Rumor Scanner’s Analysis

