বিএনপির সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে সমকালের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩শে নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি সেখানেই  চিকিৎসাধীন আছেন। এর মাঝে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর আসে গণমাধ্যমে। তারপর থেকে বিভিন্ন সময় তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ারও কথা চলছে। এরই প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে দৈনিক সমকালের ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, সালাউদ্দিন আহমেদ বলেছেন- ‘খালেদা জিয়ার শূন্যতা পূরণ করবে তাে রহমানের মেয়ে জায়মা রহমান। ভবিষ্যতে সেই দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন’।

অপর ফটোকার্ডে দাবি করা হয়, ‘খালেদা জিয়ার স্থান পুরণ করে আগামীর বিএনপি প্রধান সালাউদ্দিন আহমেদ’।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে সমকাল এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং সালাউদ্দিন আহমেদও তারেক রহমান কন্যা জাইমা রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকালের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এগুলোতে জাতীয় দৈনিক সমকালের লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৯ নভেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৯ নভেম্বর কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবিগুলো সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে সমকালের নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: