তারেক রহমানের দেশে ফেরা ও তাকে হত্যার পরিকল্পনা বিষয়ে কালের কণ্ঠের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠের নামে সম্প্রতি দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘তারেক রহমানকে হত্যার পরিকল্পনায় “র” ও দেশের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

অপর ফটোকার্ডে দাবি করা হয়, ‘তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে তৎপর ডিপ স্টেটের খেলোয়াররা, লক্ষ্য দেশকে জঙ্গিবাদে ঠেলে দিয়ে অস্ত্র ব্যাবসা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উল্লেখ্য, ফটোকার্ডগুলো প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, এসব কারণে তারেক রহমান দেশে ফিরছেন না।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মূলধারার গণমাধ্যম কালের কণ্ঠ উল্লিখিত ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে কালের কণ্ঠের লোগো, ওয়েবসাইট লিঙ্ক ও তারিখ হিসেবে ২৯ নভেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে উক্ত তারিখে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডগুলোর গ্রাফিক্যাল ডিজাইন, টেক্সটের ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে ভিন্নতা লক্ষ্য করা যায়। পাশাপাশি, কালের কণ্ঠের ফটোকার্ডের শিরোনামে সাধারণত দাঁড়ির সংযুক্তি থাকে না কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ফটোকার্ডের শিরোনামে দাঁড়ির সংযুক্তি পাওয়া যায়। এছাড়াও, বানান ভুলও লক্ষ্য করা যায়। যেমন : ‘খেলোয়াড়রা’কে ‘খেলোয়াররা’ লেখা হয়েছে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, কালের কণ্ঠের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই দাবিগুলো প্রচার করা হয়েছে।

সুতরাং, তারেক রহমানের দেশে ফেরা ও হত্যার পরিকল্পনার বিষয়ে কালের কণ্ঠের নামে প্রচারিত উল্লিখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: