হাসিনা, তারেক ও জামায়াতকে জড়িয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের নামে বানোয়াট মন্তব্য প্রচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্ধৃত করে “ইউনুসের ভরসা আমেরিকা, হাসিনার ভরসা ভারত। তারেকের ভরসা লন্ডন। জামায়াতের ভরসা বাংলাদেশ।” শিরোনামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত পোস্ট দেখুন: টিকটক, ইন্সটাগ্রাম, থ্রেডস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি তাজুল ইসলাম করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তার নামে মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা তাজুল ইসলামের ফেসবুক পেজ ও প্রোফাইলে এমন কোনো মন্তব্যের তথ্য পাওয়া যায়নি। তাকে উদ্ধৃত করে বক্তব্যটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অনির্ভরযোগ্য সূত্র থেকেই ছড়ানো হচ্ছে। সাধারণত তিনি এ ধরনের মন্তব্য করলে তা তার নিজস্ব সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা।
দাবিটি নিয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, অন্তত গত ৯ এপ্রিল থেকে “ইউনুসের ভরসা আমেরিকা, হাসিনার ভরসা ভারত। জামায়াতের ভরসা পাকিস্তান, তারেক রহমানের ভরসা বাংলাদেশ।” শীর্ষক একটি লেখা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরদিন ১০ এপ্রিল থেকে লেখাটি আংশিক পরিবর্তন করে “ইউনুসের ভরসা আমেরিকা, হাসিনার ভরসা ভারত। তারেকের ভরসা লন্ডন।” আকারে প্রচার হতে থাকে। এরপর অন্তত ১২ এপ্রিল থেকে একই লেখার সঙ্গে তাজুল ইসলামের নাম যুক্ত করে তা তার মন্তব্য হিসেবে প্রচার করা হয়।
অর্থাৎ, প্রথমে নামহীনভাবে ছড়ানো একটি বক্তব্যের সঙ্গে পরবর্তীতে তাজুল ইসলামের নাম জুড়ে দিয়ে সেটিকে তার মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
সুতরাং, “ইউনুসের ভরসা আমেরিকা, হাসিনার ভরসা ভারত। তারেকের ভরসা লন্ডন।” শীর্ষক মন্তব্যটি তাজুল ইসলাম করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Tajul Islam – Facebook Profile
- Tajul Islam – Facebook Page
- Rumor Scanner’s analysis

