খালেদা জিয়ার মৃত্যু দাবিতে মির্জা ফখরুলের নামে ভুয়া শোকবার্তা প্রচার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে খবর আসে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির প্রচলিত প্যাডে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে, যাতে দাবি করা হয়েছে খালেদা জিয়া মারা গেছেন এবং শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়া মারা গেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় এবং তিনি মারা গেছেন দাবি করে বিএনপির পক্ষ থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, বিএনপির প্রচলিত প্যাডের আদলে ভুয়া এই বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৯ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এমনকি মির্জা ফখরুলের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া না গেলেও গতকাল এক পোস্টে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি। তাছাড়া, গণমাধ্যম সূত্রেও এমন কোনো শোকবার্তার সংবাদ পাওয়া যায়নি। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মৃত্যুতে প্রায়ই মির্জা ফখরুলের শোকবার্তা প্রচার করে বিএনপি। দলটির ফেসবুক পেজ থেকে এমনই একটি প্রেস বিজ্ঞপ্তি সম্পাদনা করে কথিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

আজ মধ্যরাতে বিএনপির পেজে এক পোস্টে বলা হয়েছে, এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন—একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলছেন, গত দুই দিনে তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন।

সুতরাং, খালেদা জিয়ার মৃত্যু দাবিতে মির্জা ফখরুলের নামে একটি শোকবার্তা প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসুত্র

Share: