ভুয়া প্রোফাইলে রাজনৈতিক নেতাদের সঙ্গে এআই-সম্পাদিত ছবি ছড়িয়ে অপপ্রচার

ফেসবুকে Farjana Riti এবং Farjana Rahman Riti নামে দুইটি প্রোফাইলের সন্ধান মিলেছে। এসব প্রোফাইলে সরকার ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে সম্পাদিত ছবি প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। রিউমর স্ক্যানারের যাচাইয়ে দেখা গেছে, প্রোফাইলগুলোই ভুয়া৷ মূলত, গাজী আফতাবুন্নেসা রিতি নামে এক প্রবাসী নারীর ছবি ব্যবহার করে তাতে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি জুড়ে দিয়ে ভুয়া প্রোফাইলগুলোতে প্রচার করা হচ্ছে।

গত মার্চে Farjana Riti নামের প্রোফাইলটি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৃদ্ধাশ্রম নিয়ে আলোচনা দাবি করে একটি বৈঠকের ছবি প্রকাশ করা হয়। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি আসল নয়৷ এটি মূলত জেমিনি এআই টুল দিয়ে বানানো হয়েছে এবং নারীর ছবিটি সংগ্রহ করা হয়েছে Angel Riti নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে। গত ১২ ফেব্রুয়ারি তিনি একই শাড়িতে কিছু ছবি প্রকাশ করেন। সেখান থেকে ছবি সংগ্রহ করে এআই দিয়ে ভুয়া ছবিটি বানানো হয়েছে।

একই মাসে দুই প্রোফাইলেই আরেকটি ছবি পোস্ট করা হয়, যাতে দেখা যায় উক্ত নারী তারেক রহমানের পাশে দাঁড়িয়ে আছেন। যাচাইয়ে দেখা যাচ্ছে, এই ছবিটিও আসল নয়৷ তারেক রহমানের পুরোনো একটি ছবি এআই দিয়ে উক্ত নারীর ছবির সাথে জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে। 

শুধু তারেক রহমানই নয়, প্রোফাইলগুলোতে আরো একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সম্পাদিত ছবির হদিশ মিলেছে।

গত ১৫ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে দুইটি ছবি পোস্ট করে Farjana Riti নামের প্রোফাইলটির একটি পোস্টে লেখা হয়, “শ্রদ্ধেয় নানা ভাই আমার। সালাহউদ্দিন আহমদ। মাননীয় মন্ত্রী । সস্বরাষ্ট্র মন্ত্রণালয় । নানা ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপহার গ্রহন করলাম।”

যাচাইয়ে দেখা যায়, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাতের ছবিকে এআই দিয়ে সম্পাদনা করে উক্ত নারীর ছবির সাথে যুক্ত করে পোস্ট করা হয়েছে।

একই মাসে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের তোড়া দিয়ে ওই নারী শুভেচ্ছা জানাচ্ছেন দাবিতে একটি ছবি প্রচার করা হয়৷ রিভার্স সার্চে আইনমন্ত্রীর আসল ছবিটি পাওয়া যায় আইন মন্ত্রণালয়ের ফেসবুক পেজে, যা এআই দিয়ে সম্পাদনা করে প্রচার হচ্ছিল। 

একই প্রোফাইলে ১৫ মার্চ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথেও ওই নারীর ছবি দাবিতে একটি ছবি পোস্ট করা হয়। যাচাইয়ে দেখা যায়, এটিও আসল ছবি নয়, জেমিনি এআই দিয়ে সম্পাদনা করা। 

একইদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের (রিতা) সাথে ওই নারীর সাক্ষাৎ দাবি করে প্রচারিত আরেকটি ছবি যাচাই করেও এআই সম্পাদিত বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার। 

নাম পরিবর্তন করে সর্বশেষ গত ১৬ জুলাই প্রোফাইলটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে তোলা দাবিতে একটি ছবি পোস্ট করা হয়। রিভার্স সার্চে দেখা যায়, মূল ছবিটি গত এপ্রিলের। মূল ছবিতে ওই নারীর উপস্থিতি ছিল না। এটিও এআই সম্পাদিত ছবি।

Angel Riti নামের এ সংক্রান্ত আসল প্রোফাইলের ব্যক্তিটির সাথে যোগাযোগ করেছে রিউমর স্ক্যানার। যুক্তরাজ্যে অবস্থানরত এই নারীর আসল নাম গাজী আফতাবুন্নেসা রিতি। তিনি জানান, ফেসবুকে Farjana Riti এবং Farjana Rahman Riti নামে চালু থাকা দুইটি প্রোফাইল তার নয়, ভুয়া আইডি এগুলো। রিতি জানান, তার বা তার পরিবারের কারও কোনো রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততা নেই। তারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি গত ২৫ মার্চ ভুয়া প্রোফাইলের বিষয়ে সতর্ক করে একটি পোস্ট করেন। ভুয়া এসব প্রোফাইলের বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। 

Share: