সম্প্রতি, ‘আমার মতো বিপ্লবী আর এই দেশে জন্মাবে না’ শিরোনামে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমকে উদ্ধৃত করে সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিদিন খবর-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমার মতো বিপ্লবী আর এই দেশে জন্মাবে না” শিরোনামে প্রতিদিন খবর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, সারজিস আলমও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রতিদিন খবরের অন্য একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রতিদিন খবরের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে প্রতিদিন খবর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রতিদিন খবরের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, প্রতিদিন খবরের ফেসবুক পেজে একই তারিখে ‘মনে রাখবেন, এক মাঘে শীত যায় নাঃ সারজিস আলম’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদভিত্তিক প্ল্যাটফর্মের প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।
অর্থাৎ, প্রতিদিন খবরের প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, সারজিস আলমের এমন কোনো মন্তব্যের অস্তিত্বও বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, “আমার মতো বিপ্লবী আর এই দেশে জন্মাবে না” শিরোনামে প্রতিদিন খবরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Pratidin Khaboro: ফেসবুক পেজে
- Pratidin Khabor: ওয়েবসাইট
- Pratidin Khabor: ইউটিউব চ্যানেলে
- Rumor Scanner’s analysis


