সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাবে’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

উল্লেখিত ফটোকার্ড সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে এবং এখানে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাবে’ শীর্ষক মন্তব্য করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘জানিনা টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।
‘জানিনা টিভি’ পেজটি পর্যবেক্ষণ করে পেজটির বায়োতে ‘একটি বিনোদন মূলক প্লাটফর্ম। আমাদের পোস্ট গুলো শুধুমাত্র বিনোদনের অংশ। কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমান ‘আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পাবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- PMO Bangladesh- Facebook Page
- Janina Tv- Facebook Post


