সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয় বলেছেন, ‘কিস্তির টাকা পরিশোধ করবো নাকি পরিবারের সবার জন্য ঈদের মার্কেট করব কিছুই বুঝতে পারছিনা.. নিজের কথা তো বাদই দিলাম’।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে ১ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং পোস্টটিতে সাড়ে ৩ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কিস্তির টাকা পরিশোধ করবো নাকি পরিবারের সবার জন্য ঈদের মার্কেট করব কিছুই বুঝতে পারছিনা’ শীর্ষক মন্তব্য করেননি ক্রিকেটার এনামুল হক বিজয়। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই এনামুল হক বিজয়ের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা এনামুল হক বিজয়ের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এনামুল হক বিজয়ের মতো সাবেক জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটার এনামুল হক বিজয়ের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, গত ৩ মার্চে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনামুল। তাতে তিনি বলেন, ‘হারানো সম্মান’ ফেরত না পেলে আর কখনো ক্রিকেটে ফিরবেন না তিনি। এছাড়াও, ২০২৪ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলার পারিশ্রমিক তিনি এখনো পাননি বলেও জানান। পাশাপাশি, প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সর্বশেষ বিপিএল আসরে খেলতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এনামুল। প্রসঙ্গত, এনামুলসহ সন্দেহের তালিকায় থাকা মোট ৯ ক্রিকেটারের নাম রাখা হয়নি সর্বশেষ বিপিএলের নিলাম তালিকায় যে কারণে খেলতে পারেননি ২০২৫-২৬ বিপিএলের এই আসর।
তবে কোথাও ক্রিকেটার এনামুল হক বিজয়কে ‘কিস্তির টাকা পরিশোধ করবো নাকি পরিবারের সবার জন্য ঈদের মার্কেট করব কিছুই বুঝতে পারছিনা’ শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, ‘কিস্তির টাকা পরিশোধ করবো নাকি পরিবারের সবার জন্য ঈদের মার্কেট করব কিছুই বুঝতে পারছিনা’ শীর্ষক মন্তব্য করেছেন ক্রিকেটার এনামুল হক বিজয় শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Prothom Alo – সম্মান ফেরত না পেলে ক্রিকেট খেলবেন না এনামুল


