আ.লীগ সমর্থকদের ১৪ বছরের কারাদণ্ড প্রসঙ্গে ফজলুর রহমানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ সমর্থকদের ১৪ বছরের কারাদণ্ডের আইন পাস করা মানে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যা তাদের মধ্যে দ্বিগুণ শক্তিতে রূপান্তর ঘটাবে।”
উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ সমর্থকদের ১৪ বছরের কারাদণ্ডের আইন পাস করা মানে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যা তাদের মধ্যে দ্বিগুণ শক্তিতে রূপান্তর ঘটাবে” এমন কোনো মন্তব্য ফজলুর রহমান করেননি। প্রকৃতপক্ষে, তাকে জড়িয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এ ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার কিংবা সংসদের বক্তব্যেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া, ফজলুর রহমানের প্রচার-প্রচারণার কার্যক্রম মূলত AMI TV নামের একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হয়। পাশাপাশি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও নিয়মিত বক্তব্য ও কার্যক্রম প্রকাশিত হয়। ফজলুর রহমানের পেজ ও অ্যাকাউন্ট পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, “নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ সমর্থকদের ১৪ বছরের কারাদণ্ডের আইন পাস করা মানে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যা তাদের মধ্যে দ্বিগুণ শক্তিতে রূপান্তর ঘটাবে” এমন কোনো মন্তব্য ফজলুর রহমান করেননি। তার নামে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
- AMI TV – Facebook Page
- Advocate Fazlur Rahman – অ্যাডভোকেট ফজলুর রহমান – Facebook Page

