সাদিক কায়েমের নামে প্রচারিত ‘দাঁড়িপাল্লা হেরে যাওয়ায় জুলাই হেরে গেছে’ মন্তব্যটি ভুয়া

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২১১টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন এবং তাদের জোটসঙ্গী এনসিপি জয়ী হয় ৬টি আসনে। এরই পরিপ্রেক্ষিতে ডাকসুর বর্তমান ভিপি ও ইসলামী ছাত্র-শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েমের ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়। এতে তার বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়, ‘দাঁড়িপাল্লা হেরে যাওয়ায়, জুলাই হেরে গেছে। গোলাম আযমের ইনসাফের বাংলাদেশ আজ কাঁদছে।’

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দাঁড়িপাল্লা হেরে যাওয়ায়, জুলাই হেরে গেছে। গোলাম আযমের ইনসাফের বাংলাদেশ আজ কাঁদছে’ এমন কোনো মন্তব্য সাদিক কায়েম করেননি। প্রকৃতপক্ষে, তার নাম ও ছবি ব্যবহার করে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এই ভুয়া বক্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সংশ্লিষ্ট বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের মন্তব্য করা হলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। সাদিক কায়েমের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যগুলো করার কোনো প্রমাণ মেলেনি। সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক পেজ খুঁজেও তার এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া সাদিক কায়েম রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন যে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ বানোয়াট এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, সাদিক কায়েমকে উদ্ধৃত করে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: