সম্প্রতি সংবাদমাধ্যম ‘চ্যানেল ওয়ান নিউজ’কে সাক্ষাৎকার দেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে তিনি ক্ষমতায় থাকাকালীন তার কার্যক্রম, পদক্ষেপ, উগ্রবাদ ও নারীবাদ বিষয়সহ নানা বিষয়ে কথা বলেন। তার এ সাক্ষাৎকারের কতিপয় বক্তব্য ঘিরে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তোলা হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘খলিলকে মন্ত্রী বানালো আমি কি দোষ করেছিলাম, তাই আমি সত্যি বলে দিয়েছি।’
উল্লেখ্য, এখানে খলিল বলতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বুঝানো হয়েছে যিনি পূর্বে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সাক্ষাৎকার বিষয়ে ‘খলিলকে মন্ত্রী বানালো আমি কি দোষ করেছিলাম, তাই আমি সত্যি বলে দিয়েছি’ শীর্ষক মন্তব্য করেননি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সৈয়দা রিজওয়ানা হাসানের নামে আলোচিত এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে সৈয়দা রিজওয়ানা হাসানকে ঘিরে বিতর্কের সূত্রপাত মূলত সংবাদমাধ্যম ‘চ্যানেল ওয়ান নিউজ’কে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকার থেকে। এতে তিনি ক্ষমতায় থাকাকালীন তার কার্যক্রম, পদক্ষেপ, উগ্রবাদ ও নারীবাদ বিষয়ক নানা বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে নারীবিরোধী শক্তি ও উগ্রবাদ নিয়ে কথা বলার সময় রিজওয়ানা হাসান বলেন, এক ধরণের শক্তিকে মেইনস্ট্রিম হতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে ‘চ্যানেল ওয়ান নিউজের সাক্ষাৎকারের শিরোনামে বলা হয়, রিজওয়ানা হাসান বলেছেন, ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দেননি। পরবর্তীতে সাক্ষাৎকারে রিজওয়ানা হাসানের বক্তব্যের প্রেক্ষিতে নানা রাজনৈতিক ব্যক্তিবর্গ কর্তৃক রিজওয়ানা হাসানের সমালোচনা ও প্রতিবাদ করা হয়।
সাম্প্রতিক সময়ে সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপে দেওয়া বক্তব্য বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন তিনি।
তবে, অনুসন্ধানে কোথাও তাকে ‘খলিলকে মন্ত্রী বানালো আমি কি দোষ করেছিলাম, তাই আমি সত্যি বলে দিয়েছি’ শীর্ষক মন্তব্য করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাম্প্রতিক সাক্ষাৎকার বিষয়ে ‘খলিলকে মন্ত্রী বানালো আমি কি দোষ করেছিলাম, তাই আমি সত্যি বলে দিয়েছি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Channel One News – ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দেইনি; মুখোমুখি রিজওয়ানা হাসান
- Prothom Alo – উগ্রবাদ নিয়ে বক্তব্য নির্বাচনের সঙ্গে জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা


