ভারতকে জড়িয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া বক্তব্য প্রচার 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী সম্প্রতি, “কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু” শীর্ষক বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

অনুরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক স্টোরিতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত একই ফটোকার্ড পোস্ট করেছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ চৌধুরী ‘কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু’ বলে কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে ভুয়া এই বক্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফেসবুকে গত ১৬ ডিসেম্বর বিকেল ০৪:১৫ মিনিটে ‘ঢাবি কণ্ঠস্বর’ নামের একটি পেজে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টে কথিত মন্তব্যটি সালাহউদ্দিন আহমেদ চৌধুরী কোথায় বা কবে করেছেন সে বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রতিবেদনের লিংক যুক্ত করা হয়নি। এছাড়া, পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজে নিয়মিতই বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে এমন মনগড়া মন্তব্য প্রচার করা হয়। দেখুন: এখানে এবং এখানে

স্বাভাবিকভাবে, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ চৌধুরী এরূপ কোনো বক্তব্য দিলে তা নিয়ে সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে, এক্ষেত্রে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে সালাহউদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।

তাছাড়া, সালাহউদ্দিন আহমেদের ফেসবুক অ্যাকাউন্ট, বিএনপি’র ফেসবুক পেজ কিংবা বিএনপি মিডিয়া সেল এর ফেসবুক পেজেও সালাহউদ্দিন আহমেদ চৌধুরীর এমন কোনো বক্তব্যের হদিস পাওয়া যায়নি।

অর্থাৎ, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ চৌধুরী আলোচিত মন্তব্যটি করেননি তা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে।

সুতরাং, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ চৌধুরী সম্প্রতি, ‘কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: