রবীন্দ্রসংগীত বর্জন নিয়ে ঢাবি শিক্ষক মোনামীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয় তিনি বলেছেন, ‘ভারতীয় অধিপত্যবাদ মোকাবেলায় আমাদের অবশ্যই ছায়ানটি রবীন্দ্র সংগীত বর্জন করতে হবে। ইনকিলাব কালচারাল সেন্টার থেকে হাদি সংগীত রচনার কাজ শুরু করা উচিৎ এখনি।’

এ দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শরিফ ওসমান হাদি কিংবা ইনকিলাব কালচারাল সেন্টারকে জড়িয়ে রবীন্দ্রসংগীত বর্জন সংক্রান্ত এমন কোনো মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে শেহরীন আমিনের এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দাবিটি প্রচারকারী একটি ফেসবুক পোস্টে সূত্র হিসেবে তার ফেসবুক অ্যাকাউন্টের উল্লেখ করা হলেও, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে এ ধরনের কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ বিষয়ে শেহরীন আমিন রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি। রিউমর স্ক্যানারের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও একই তথ্য জানান। তিনি বলেন, ‘এই ফটোকার্ডটি আজ ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমত, আমি এমন কোনো কথা বলিনি। দ্বিতীয়ত, অনুগ্রহ করে ইন্টারনেটে যা দেখেন, সবকিছু বিশ্বাস করবেন না। আমার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া আইডি রয়েছে, যেগুলো থেকে ভুয়া পোস্ট শেয়ার করা হচ্ছে। ওইসব প্রোফাইল থেকে শেয়ার করা কোনো কনটেন্টের দায়ভার আমি গ্রহণ করব না।’

সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামীর নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: