‘ওসমান হাদির উপর হামলাকারীর গ্রেফতার ও বিচার হবার আগে জাতীয় নির্বাচন চাই না’ বলে মন্তব্য করেননি জামায়াত আমীর  

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রেক্ষিতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান “ওসমান হাদির উপর হামলাকারীর গ্রেফতার ও বিচার হবার আগে জাতীয় নির্বাচন চাই না” বলে বক্তব্য দিয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের আমীর শফিকুর রহমান “ওসমান হাদির উপর হামলাকারীর গ্রেফতার ও বিচার হবার আগে জাতীয় নির্বাচন চাই না” বলে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামীর আমীরের নামে ভুয়া এই মন্তব্য প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে, দেশিয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে জামায়াত আমীরের এরূপ কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, শফিকুর রহমানের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো মন্তব্য বা বক্তব্যের হদিস মেলেনি।

তবে, জামায়াত আমীরের ফেসবুক পেজে গত ১২ ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি পোস্ট প্রচার করা হয়। ঐ পোস্টে জামায়াতের আমীর বলেন, “কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।” এছাড়া, তিনি এ ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।

পাশাপাশি, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসন্ন নির্বাচন ঘিরে সমাজের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে বলে শঙ্কা জানিয়ে জামায়াত আমীরের ফেসবুক পেজে আরেকটি পোস্ট প্রচার করা হয়। পাশাপাশি, তিনি নির্বাচন কমিশনকে অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত ও সন্ত্রাসী গ্রেফতারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

অর্থাৎ, উল্লিখিত পোস্ট দুইটিতে জামায়াতের আমীর শফিকুর রহমান ‘ওসমান হাদির উপর হামলাকারীর গ্রেফতার ও বিচার হবার আগে জাতীয় নির্বাচন চাই না’ বলে কোনো বক্তব্য দেননি।

বিষয়টি অধিকতর নিশ্চিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। প্রতুত্তরে তিনি আলোচিত মন্তব্যটি শফিকুর রহমানের নয় বলে নিশ্চিত করেন।

সুতরাং, জামায়াতের আমীর শফিকুর রহমান “ওসমান হাদির উপর হামলাকারীর গ্রেফতার ও বিচার হবার আগে জাতীয় নির্বাচন চাই না” বলে বক্তব্য দিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

Share: