সম্প্রতি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান “দেশ চালাতে আমরা ব্যার্থ, তাই দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। সরকার পতনের আন্দোলনের ডাক দিলে দেশেরই ক্ষতি হবে।” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আইনমন্ত্রীর ভিন্ন একটি বক্তব্য যুক্ত যমুনা টিভির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে আইনমন্ত্রীর ছবি ও যমুনা টিভির লোগো রয়েছে। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ফেসবুক পেজে গত ২৪ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা আইনমন্ত্রী ও তার আশেপাশের ব্যক্তিদের পোশাক, অঙ্গভঙ্গি এবং ফটোকার্ডে থাকা বিজ্ঞাপনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

আলোচিত ফটোকার্ডটিতে “দেশ চালাতে আমরা ব্যার্থ, তাই দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। সরকার পতনের আন্দোলনের ডাক দিলে দেশেরই ক্ষতি হবে।” লেখা থাকলেও মূল ফটোকার্ডটিতে লেখা রয়েছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন “আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাবে বাংলাদেশ”।
অর্থাৎ, “আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাবে বাংলাদেশ” শীর্ষক লেখাটি সম্পাদনা করে আইনমন্ত্রীর আলোচিত ভুয়া মন্তব্যটি যুক্ত করা হয়েছে।
যমুনা টিভির মূল ফটোকার্ড যুক্ত পোস্টের মন্তব্যের ঘরে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ এপ্রিল দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা দেশের মানুষের পাশে আছি। আমরা ব্যর্থ হলে এই দেশ গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাবে। যদি রাজনৈতিক অপসংস্কৃতি সামনে আসে, আমরা ব্যর্থ হলে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে।
একই তথ্যে প্রকাশিত আরও কিছু প্রতিবেদন দেখুন- দেশ রূপান্তর, নিউজ রাংলা ২৪.
এছাড়া, বর্তমান সরকারের আইনমন্ত্রী আলোচিত মন্তব্যটি করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ আকারে প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “দেশ চালাতে আমরা ব্যার্থ, তাই দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। সরকার পতনের আন্দোলনের ডাক দিলে দেশেরই ক্ষতি হবে।” শীর্ষক মন্তব্যটি আইনমন্ত্রীর দাবিতে প্রচারিত যমুনা টিভির ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Post
- Jamuna Television- আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী


