‘ক্ষমতায় গেলে ওসমান হাদির চেয়ে যোগ্য নেতা আমরা তৈরি করবো’ বলে মির্জা আব্বাস কোনো মন্তব্য করেননি 

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে বিএনপি-মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে “ওসমান হাদির চেয়ে যোগ্য নেতা আমরা তৈরি করবো ক্ষমতায় গেলে” শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ক্ষমতায় গেলে ওসমান হাদির চেয়ে যোগ্য নেতা আমরা তৈরি করবো’ বলে মির্জা আব্বাস এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি মির্জা আব্বাসের নামে প্রচার করা হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত শরিফ ওসমান হাদির বিষয়ে মির্জা আব্বাসের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এরূপ কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, মির্জা আব্বাসের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে অনুসন্ধানে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভির ওয়েবসাইটে গতকাল ২০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ২০ ডিসেম্বরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় দেওয়া এক বক্তব্যে মির্জা আব্বাস অভিযোগ করেছেন,তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে।

তবে, তার উক্ত বক্তব্যে তিনি ক্ষমতায় গেলে ওসমান হাদির চেয়ে যোগ্য নেতা আমরা তৈরি করবো বলে কোনো মন্তব্য করেননি।

এছাড়া, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরের দিন অর্থাৎ গত ১৩ ডিসেম্বরে হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না এবং এটি বৃহৎ এক চক্রান্তের ক্ষুদ্র অংশ বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তার এইদিনের বক্তব্যেও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

সুতরাং, ওসমান হাদির বিষয়ে ‘ক্ষমতায় গেলে ওসমান হাদির চেয়ে যোগ্য নেতা আমরা তৈরি করবো’ শিরোনামে মির্জা আব্বাসের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: