পর্তুগালের হারের পর বাংলাদেশের গণমাধ্যমে দেশটির সাবেক কোচের নামে ভুয়া উক্তি প্রচার

সম্প্রতি, স্পেনের কাছে হারের মাধ্যমে এবারের বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর দলটির সাবেক কোচ ফের্নান্দো সান্তোসের মন্তব্য দাবিতে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে একটি মন্তব্য প্রচার করা হয়েছে।
দাবি করা হয় ফের্নান্দো সান্তোস, “একটি নকআউট ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখার কারণে আমাকে পর্তুগালের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আজ সবাই দেখল, কোচ রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলাতে চাওয়ায় গনসালো রামোস মাঠে নামার সুযোগই পেল না।” শীর্ষক মন্তব্য করেছেন।

গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন যমুনা টেলিভিশন, নাগরিক টিভি এবং সময়ের আলো।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পর্তুগালের সাবেক কোচ ফের্নান্দো সান্তোস এমন কোনো মন্তব্য করেননি। কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই গণমাধ্যমগুলোতে তার নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে গণমাধ্যমগুলোর ফেসবুক পেজ প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে কোনো গণমাধ্যমের পোস্টেই আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র ব্যবহার করতে দেখা যায়নি।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কিংবা পর্তুগিজ কোনো গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর ফের্নান্দো সান্তোসের কোনো সাক্ষাৎকার প্রদানের তথ্যও পাওয়া যায়নি।
তবে ফুটবলভিত্তিক সংবাদ মাধ্যম Goal-এর ওয়েবসাইটে ২০২৫ সালে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, ২০২২ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রাখার তার সিদ্ধান্তকে সেসময় রোনালদো সম্মান জানান। যা দেশিয় গণমাধ্যমগুলোতে প্রচারিত তথ্যের বিপরীত। পাশাপাশি প্রতিবেদনের কোথাও তার ওই সিদ্ধান্তের কারণে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়নি।
সুতরাং, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর দলটির সাবেক কোচ ফের্নান্দো সান্তোসের মন্তব্য দাবিতে দেশিয় গণমাধ্যমগুলোতে তার নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।

