সৌদি আরবের জনগণকে নিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, ‘সৌদিয়া আরব এর মানুষ কোনদিন বেহেস্তে যেতে পারবে না। সে যত বড় আলেম ওলামা হোক। কারণ সে দেশে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে না। যারা দাঁড়ি পাল্লায় ভোট দিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সে জান্নাতে যেতে পারবে না।’ শীর্ষক মন্তব্যটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সৌদি আরবের জনগণ কোনোদিন জান্নাতে যেত পারবে না কারণ তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবে না শীর্ষক কোনো মন্তব্য এএসএম শাহরিয়ার কবির করেননি। প্রকৃতপক্ষে, সংবাদভিত্তিক প্লাটফর্ম বঙ্গ গ্রাফের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে সংবাদভিত্তিক প্লাটফর্ম ‘Bongo graph’ এর লোগো রয়েছে এবং সূত্র হিসেবে জাতীয় দৈনিক ইত্তেফাক উল্লেখ রয়েছে। পাশাপাশি, তারিখ হিসেবে ২৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে ‘Bongo Graph’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৪ জানুয়ারি দুপুর ০১ টা ০৯ মিনিটে প্রচারিত একটি ফটোকার্ড পাওয়া যায়। উক্ত ব্যানারের ডিজাইন এবং শাহরিয়ার কবিরের ছবির সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন ও শাহরিয়ার কবিরের ছবির মিল রয়েছে।

তবে, ‘Bongo Graph’ থেকে প্রকাশিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘সবার ঈমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কী উত্তর দেবেন?’। যা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত লেখাটি যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, বঙ্গ গ্রাফের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, ‘Bongo Graph’ তাদের পোস্টের মন্তব্যের ঘরে ইত্তেফাকের একটি প্রতিবেদন সূত্র হিসেবে উল্লেখ করেছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ এস এম শাহরিয়ার কবির বলেন, ‘সবার ঈমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কী উত্তর দেবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে? পারবে না। জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তায়ালা। অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন—আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি।’

উক্ত নির্বাচনী সভায় এএসএম শাহরিয়ার কবিরের দেওয়া বক্তব্যটির ভিডিও একাধিক গণমাধ্যমেও (, , ) প্রকাশ করা হয়েছে। তবে, পুরো বক্তব্য বিশ্লেষণ করেও সৌদি আরবের জনগণকে নিয়ে তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।

সুতরাং, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির সৌদি আরবের জনগণ কোনোদিন জান্নাতে যেত পারবে না কারণ তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিতে বঙ্গ গ্রাফের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

Share: