“জামায়াতের আমীরের সেবাদাসী হলে তিনগুন সওয়াব”—মারদিয়া মমতাজের নামে ভুয়া মন্তব্য 

৩ মে রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। এরই প্রেক্ষিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজকে উদ্ধৃত করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি করা হচ্ছে তিনি বলেছেন, ‘আমাকে কেউ জামায়াতের সেবাদাসী বললে আমার খারাপ লাগে না, বরং আমি গর্ব বোধ করি, জামায়াতের আমিরকে আমরা নবীর মত সন্মান করি, আমি যে আমার সবটুকু দিয়ে জামায়াত আর জামায়াতের আমিরকে সেবা করতে পারছি এটাই আমার জন্য বড় আমল, নামাজ পড়লে যেমন সওয়াব হয়, জামাতের আমিরের সেবাদাসী হলে তার তিনগুন বেশি সওয়াব হয়, জান্নাতের পথ সুগম হয়’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি মারদিয়া মমতাজ করেননি। প্রকৃতপক্ষে, তার নামে এই মন্তব্যটি প্রথমে ছড়ানো হয় নিজেদের ব্যঙ্গাত্মক পেজ হিসেবে পরিচয় দেওয়া ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পরবর্তীতে ওই ভুয়া ও ব্যঙ্গাত্মক পোস্টটিকেই তার আসল মন্তব্য হিসেবে প্রচার করা হয়।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ৩ মে ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ফেসবুক পেজে মারদিয়া মমতাজের নামে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়। পেজটির পরিচিতিতে উল্লেখ রয়েছে, ‘ব্যঙ্গ যারা বুঝে তাদের জন্য’। এছাড়া পেজটির ক্যাটাগরিতেও ‘Satire/Parody’ লেখা আছে। পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে নিয়মিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে ঘিরে ব্যঙ্গাত্মক ও ভুয়া মন্তব্য প্রকাশ করা হয়।  

স্বাভাবিকভাবেই, মারদিয়া মমতাজ যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে এমন মন্তব্য করে থাকতেন, তবে তা দেশের মূলধারার গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হতো এবং এ সংক্রান্ত ভিডিও ফুটেজও পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অনুসন্ধানে এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ বা ভিডিওর অস্তিত্ব মেলেনি।

অর্থাৎ, সার্কাজম বা ব্যঙ্গাত্মকভাবে মারদিয়া মমতাজের নামে তৈরি করা একটি ভুয়া মন্তব্য পরবর্তীতে তার আসল বক্তব্য হিসেবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, জামায়াতের আমীরকে নিয়ে মারদিয়া মমতাজের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

Share: