‘জামায়াত বেইমানি করেছে’—আসিফ মাহমুদের নামে ভুয়া উদ্ধৃতি 

গত ২০ এপ্রিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ০১ মে রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক সম্মেলনে আসন্ন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘আমি মন্ত্রী থাকাকালীন জামাতকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি তবুও জামায়াত আমার সাথে বেইমানি করল’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া “আমি মন্ত্রী থাকাকালীন জামাতকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি তবুও জামায়াত আমার সাথে বেইমানি করল” বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ২ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। 

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ‘আমি মন্ত্রী থাকাকালীন জামাতকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি তবুও জামায়াত আমার সাথে বেইমানি করল’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: