‘বাংলাদেশে অবস্থানরত ছাব্বিশ লক্ষ ভারতীয় ভোট দিতে পারলে মমতা ব্যাণার্জী এভাবে হারতেন না’ শীর্ষক মন্তব্য আসিফ নজরুল করেননি

সম্প্রতি, সাবেক অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে ‘বাংলাদেশে অবস্থানরত ছাব্বিশ লক্ষ ভারতীয় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে পশ্চিমবঙ্গে মমতা ব্যাণার্জী এভাবে হারতেন না’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুল আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আসিফ নজরুলের মতো আলোচিত ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। আলোচিত দাবিটির সূত্রপাত বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ০৪ মে প্রকাশিত আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, ড. আসিফ নজরুলের অফিশিয়াল ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনে পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, আসিফ নজরুল ‘বাংলাদেশে অবস্থানরত ছাব্বিশ লক্ষ ভারতীয় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে পশ্চিমবঙ্গে মমতা ব্যাণার্জী এভাবে হারতেন না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: