তারেক রহমান ও জামায়াতকে জড়িয়ে ড. কামাল হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে দুইটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি মন্তব্যে দাবি করা হয়েছে যে ড. কামাল হোসেন বলেছেন, তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
অন্য একটি মন্তব্যে দাবি করা হয়েছে যে ড. কামাল হোসেন বলেছেন, দেশের দায়িত্ব জামায়াতকেই নিতে হবে এবং দেশের মানুষ জামায়াতের জন্য অপেক্ষা করছে। বিষয়টি বুঝতে দেরি করা ঠিক হবে না।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. কামাল হোসেন আলোচিত কোনো মন্তব্যই করেননি। প্রকৃতপক্ষে, তার ছবি ব্যবহার করে তথ্যসূত্রহীনভাবে এসব মন্তব্য তার নামে প্রচার করা হচ্ছে। তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত করেছেন তার কন্যা সারা হোসেন।
প্রথম মন্তব্য যাচাই

তারেক রহমানকে জড়িয়ে ড. কামাল হোসেনের নামে প্রচারিত মন্তব্যটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত বা নির্ভরযোগ্য সূত্রে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
দাবি সংবলিত একটি পোস্টে অনলাইন পোর্টাল বার্তা বাজারের সূত্র উল্লেখ করে ড. কামাল হোসেনের উদ্ধৃতি দেওয়া হলেও, পোর্টালটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে এমন কোনো সংবাদ বা মন্তব্য পাওয়া যায়নি।
ড. কামাল হোসেনের বিষয়ে অনুসন্ধানে গত ২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন।
এ বিষয়ে রিউমর স্ক্যানারকে ড. কামালের কন্যা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন জানান, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। তিনি বলেন, ড. কামাল হোসেন মাত্র কয়েক দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন এবং এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।
দ্বিতীয় মন্তব্য যাচাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ড. কামাল হোসেনের নামে প্রচারিত মন্তব্যটির ক্ষেত্রেও অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
এই দাবির বিষয়ে সারা হোসেন রিউমর স্ক্যানারকে নিশ্চিত করে জানান, না, অবশ্যই তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, ড. কামালের নামে প্রচারিত আলোচিত মন্তব্যগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Prothom Alo: ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
- Statement from Sara Hossain

