মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে জিদান ও আনচেলত্তির নামে ভুয়া মন্তব্য প্রচার

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গত ৭ জুলাই মিশরের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ সময়ে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচটিতে মিশরের একটি গোল বাতিল এবং পেনাল্টির আবেদন নাকচ হওয়াকে কেন্দ্র করে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এরই প্রেক্ষাপটে সম্প্রতি ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান এবং ব্রাজিলের ম্যানেজার কার্লো আনচেলত্তির নামে দুইটি মন্তব্য যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

জিদানের নামে প্রচারিত মন্তব্যে দাবি করা হয়, তিনি বলেছেন, “আর্জেন্টিনার এই বিজয় ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্তহীন জালিয়াতির দলিল।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

অন্যদিকে, আনচেলত্তির নামে প্রচারিত মন্তব্যে দাবি করা হয়, তিনি বলেছেন, “আর্জেন্টিনার জন্য রেফারিদের বিশেষ দৃষ্টি ফুটবলকে কলঙ্কিত করছে। আমি জানি না ফুটবলকে কলঙ্কিত করে ফিফার লাভ কী?”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে জিনেদিন জিদান ও কার্লো আনচেলত্তি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই তাদের নামে ভিত্তিহীন মন্তব্য দুটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইংরেজি, ফরাসি, ইতালিয়ান ও স্প্যানিশ ভাষায় বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে একাধিক সার্চ ইঞ্জিনে খোঁজা হয়। তবে জিদান ও আনচেলত্তির নামে প্রচারিত মন্তব্যগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং বিতর্ক নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বিস্তারিত প্রতিবেদনে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন, মিশরের ম্যানেজার হোসাম হাসান, অধিনায়ক মোহাম্মদ সালাহ এবং সাবেক ফুটবলার ও বিশ্লেষক রব গ্রিন, অ্যালান শিয়ারার, ইয়ান রাইট ও জেমি ক্যারাঘারের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। তবে প্রতিবেদনে জিনেদিন জিদান কিংবা কার্লো আনচেলত্তির কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।

প্রাসঙ্গিকভাবে, বিশ্বকাপের গ্রুপ পর্ব চলাকালে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে আনচেলত্তি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আর্জেন্টিনা উচ্চ তীব্রতার ফুটবল খেলে না, তবে দলটি ম্যাচ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি পরবর্তীতে জানান, তিনি আনচেলত্তির বক্তব্যটিকে সমালোচনা নয়, বরং প্রশংসা হিসেবেই নিয়েছেন। তবে এই বক্তব্যটি মিশরের বিপক্ষে ম্যাচের আগের এবং এতে রেফারিং, পক্ষপাতিত্ব কিংবা ফিফার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

অন্যদিকে, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় বা ম্যাচটির রেফারিং নিয়ে জিনেদিন জিদান কোনো মন্তব্য করেননি। তার সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে জিনেদিন জিদান ও কার্লো আনচেলত্তির নামে প্রচারিত মন্তব্য দুটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: