“মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধ’র্ষণের মত ঘটনা ঘটবে না” শীর্ষক মন্তব্য করেননি মামুনুল হক

সম্প্রতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে উদ্ধৃত করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি করা হচ্ছে তিনি বলেছেন, ‘মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধ’র্ষণের মত ঘটনা ঘটবে না’।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মামুনুল হক এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত মামুনুল হক এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামক একটি ফেসবুক পেজে গত ২৬ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়। পরবর্তীতে, ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, আলোচিত দাবির বিষয়ে মামুনুল হক এক ফেসবুক পোস্টে বলেন, “এই ধরনের কোনো বক্তব্য আল্লামা মামুনুল হক প্রদান করেননি।” ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ভূঁইফোড় ও যাচাইবিহীন অনলাইন মাধ্যম আল্লামা মামুনুল হকের নাম ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে। তাঁর দেওয়া কোনো বক্তব্যে এমন কথা পাওয়া যায় না। সবার প্রতি আহ্বান, অযাচাইকৃত তথ্য বা স্ক্রিনশট দেখে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। সত্য প্রচার করুন, ভুয়া তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।”

সুতরাং, মামুনুল হক ‘মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধ’র্ষণের মত ঘটনা ঘটবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: