গাজায় নিহত শিশুদের মৃত্যুর সাথে হামে শিশু মৃত্যুর তুলনা করে ভাইরাল মন্তব্যটি শহিদুল আলম করেননি

সম্প্রতি, দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম “হামে এ পর্যন্ত সব মিলিয়ে কয়েক শত শি/শু মা/রা গেছে, অথচ গা/জায় একদিনেই হাজার হাজার শি/শু মা/রা যায়। আমি ছোটখাট ইস্যুতে কথা বলি না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হামে শিশু মৃত্যু প্রসঙ্গে শহিদুল আলম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। শহিদুল আলমের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়েছে। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এছাড়া, শহিদুল আলম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, শহিদুল আলম ‘হামে এ পর্যন্ত সব মিলিয়ে কয়েক শত শি/শু মা/রা গেছে, অথচ গা/জায় একদিনেই হাজার হাজার শি/শু মা/রা যায়। আমি ছোটখাট ইস্যুতে কথা বলি না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Shahidul Alam – Facebook Page
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post

