শূকরের মাংস আমদানি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান ‘শু*য়োরের মাংস আমদানি করে কাউকে তো জোর করে খাওয়ানো হবেনা। যারা খায় তারা কিনে খাবে। বাকিদের এতে সমস্যা কোথায়?’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শু*য়োরের মাংস আমদানি করে কাউকে তো জোর করে খাওয়ানো হবেনা। যারা খায় তারা কিনে খাবে। বাকিদের এতে সমস্যা কোথায়?’ শীর্ষক মন্তব্য করেননি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। জাহেদ উর রহমানের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে ১৩ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। ‘Daily Mollar Desh’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
ড. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, শূকরের মাংস আমদানি প্রসঙ্গে জাহেদ উর রহমানের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Zahed Ur Rahman – Facebook Account
- Rumor Scanner’s analysis.

