সম্প্রতি, ‘সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘‘সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ শিরোনামে ১৯৩০টি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। গত জানুয়ারিতে তিন দফায় একই বিজ্ঞপ্তির ছবি পোস্ট করে চালানো প্রচারণায় আবেদনের শেষ সময় আগামী ২৫ ফেব্রুয়ারি জানিয়ে [email protected] ঠিকানায় আবেদনের আহ্বান জানানো হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসল নয় বরং বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত অধিদপ্তরের বিভিন্ন শাখার ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সুনির্দিষ্ট ওয়েবসাইটের (টেলিটক) মাধ্যমে আবেদন করতে হয়। তবে কথিত এই বিজ্ঞপ্তিতে জিমেইল পরিষেবার একটি ইমেইল ঠিকানায় আবেদন করতে বলা হয়েছে, যা সন্দেহের উদ্রেক করে।
২০২৪ সালেও সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন পদে নিয়োগের এমনই এক বিজ্ঞপ্তিকে ভুয়া বলে প্রমাণ করে রিউমর স্ক্যানার।
অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে সম্প্রতি প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির কোনো অস্তিত্ব মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ নামে একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও অননুমোদিত।
অধিদপ্তর বলছে, স্বাস্থ্য অধিদপ্তর বা এর অধিভুক্ত কোনো প্রতিষ্ঠানের সকল বৈধ নিয়োগ বিজ্ঞপ্তি কেবলমাত্র সরকারি ওয়েবসাইট, নির্ভরযোগ্য জাতীয় গণমাধ্যম, সংশ্লিষ্ট অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। অতএব, সংশ্লিষ্ট সকলকে উপোরোক্ত “সুধী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ সহ এ ধরনের যেকোনো ভুয়া নিয়োগ বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সুতরাং, সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তিটি বানোয়াট ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- স্বাস্থ্য অধিদপ্তর: বিজ্ঞপ্তি
- Rumor Scanner’s own analysis


