নরেন্দ্র মোদীকে জড়িয়ে শফিকুর রহমানকে উদ্ধৃত করে সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে নরেন্দ্র মোদি বলেছে আমাকে ক্ষমতায় বসাবে’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক পত্রিকা সমকালের ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরেন্দ্র মোদী জামায়াতের আমীর শফিকুর রহমানকে ক্ষমতায় বসাবেন বলে শফিকুর রহমান কোনো মন্তব্য করেননি এবং সমকালও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকাল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক পত্রিকা সমকালের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সমকালের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১ জানুয়ারি সমকালের ফেসবুক পেজে “ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন জামায়াতের আমির” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন জামায়াতের আমির’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে নরেন্দ্র মোদি বলেছে আমাকে ক্ষমতায় বসাবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত সমকালের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর (২০২৫) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।’
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, নরেন্দ্র মোদীকে জড়িয়ে শফিকুর রহমানকে উদ্ধৃত করে সমকালের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Samakal – Facebook Page
- Samakal – Website
- Samakal – YouTube Channel
- Samakal – Facebook Post

