লকডাউন কর্মসূচি ও ড. ইউনূসের ভাষণকে জড়িয়ে শফিকুল আলমের পোস্ট দাবিতে ভুয়া স্ক্রিনশট প্রচার

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে সেদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে দলটির কর্মী-সমর্থকরা। একইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘জনগণ ডক্টর ইউনুসের ভাষণ শোনার জন্য ঘর থেকে বের হয় নি। এইটাকে স্বৈরাচারের লকডাউনের সফলতা বলে প্রচার করছে অনেকে।’ শীর্ষক পোস্ট করেছেন দাবিতে উক্ত পোস্টের স্ক্রিনশট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি স্ক্রিনশট প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়াও সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেল কথা-এর একটি ভিডিওতেও দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম এমন একটি পোস্ট করেছেন। মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচিত পোস্টটি করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার ভিন্ন কোনো পোস্টের স্ক্রিনশটে আলোচিত লেখাটি যুক্ত করে দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় লক্ষ্য করা যায়, আলোচিত দাবির প্রতিটি পোস্টেই শফিকুল আলমের পোস্টের একই স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্ক্রিনশটেই তার পোস্টটি দুই ঘন্টা আগে করা হয়েছে এমন দেখা যায়। পোস্টকারীরা ব্যক্তিগতভাবে স্ক্রিনশটটি নিয়ে থাকলে সময়ের পার্থক্য হওয়াটা স্বাভাবিক ছিল। এছাড়াও, শফিকুল আলম এমন কোনো পোস্ট করে সেটি দুই ঘন্টা তার প্রোফাইলে রাখলে সেটি নিয়ে মূলধারার গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা কিন্তু অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমগুলোতে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে দাবিটির বিষয়ে অনুসন্ধানে শফিকুল আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করা হলে তার অ্যাকাউন্টে গত ১৩ নভেম্বর উক্ত পোস্ট বিষয় একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে তিনি আলোচিত স্ক্রিনশটটি যুক্ত করে দাবি করেন, তার পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া তিনি এমন কোনো মন্তব্য বা পোস্ট করেননি।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রেস সচিব শফিকুল আলমের ভিন্ন কোনো পোস্টের স্ক্রিনশট সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
সুতরাং, প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে জড়িয়ে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Shafiqul Alam Facebook Post
- Rumor Scanner’s Analysis

