মহিষ ‘ট্রাম্প’ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দাবিতে ভুয়া স্ক্রিনশট প্রচার

এবার কোরবানি ঈদের আগে নারায়ণগঞ্জের একটি খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল এবং মাথায় সোনালি চুলের মতো লোম থাকায় অ্যালবিনো এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দ্রুতই এটি ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে ওঠে এবং পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পায়।

এই প্রেক্ষাপটে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, আলোচিত মহিষটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মের পোস্ট দেখুন: ইনস্টাগ্রাম, থ্রেডস

এছাড়া, ভারতীয় নিউজ পোর্টাল প্রথম কলকাতা একটি ফটোকার্ডও প্রকাশ করেছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের আলোচিত অ্যালবিনো মহিষটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে কোনো পোস্ট করেননি। বরং প্রযুক্তির সহায়তায় একটি ভুয়া স্ক্রিনশট তৈরি করে এমন দাবি ছড়ানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রথমে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। কিন্তু সেখানে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। পরবর্তীতে ভাইরাল স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে ব্যবহৃত প্রোফাইল ছবিটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ব্যবহৃত ছবির সঙ্গে নয়। বরং সেটি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের প্রোফাইল ছবির সঙ্গে মেলে। তবে তার এক্স প্রোফাইলেও এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

স্ক্রিনশট অনুযায়ী, পোস্টটি ২৩ মে সকাল ১০টা ৪৫ মিনিটে করা হয়েছে এবং সময়টি স্ক্রিনশটে দুই জায়গায় দেখা যায়। কিন্তু ট্রুথ সোশ্যালের মোবাইল ও ওয়েব সংস্করণ পর্যালোচনায় দেখা যায়, পোস্টের সময় সাধারণত একবারই প্রদর্শিত হয়।

এছাড়া, স্ক্রিনশটের দাবি অনুযায়ী পোস্টটিতে ৩২ হাজারের বেশি লাইক পড়েছে। ট্রাম্পের মতো আন্তর্জাতিকভাবে আলোচিত ব্যক্তি এমন পোস্ট করলে তা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা এবং একাধিক উৎসে এর স্ক্রিনশট পাওয়া যেত। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে কেবল একটি স্ক্রিনশটই ঘুরে বেড়াতে দেখা গেছে।

অর্থাৎ, প্রযুক্তির সহায়তায় আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

সুতরাং, বাংলাদেশের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন বলে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Rumor Scanner’s analysis
Donald J. Trump – X Account

Donald J. Trump – Truth Social Account

Share: