ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের মজার ছলে তৈরি ভিডিওকে বাংলাদেশে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে হত্যা দাবিতে প্রচার

সম্প্রতি, বাংলাদেশে বাড়িতে ঢুকে একজন মহিলাকে গুলি করে হত্যা করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে হত্যার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রীতিদেব বিষ্ণোই নামের ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের বাচ্চার সাথে খেলাচ্ছলে তৈরিকৃত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনা নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে দেশের কোথাও বাড়িতে ঢুকে কোনো মহিলাকে গুলি করে হত্যা করার ঘটনার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি এমন কোনো ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে প্রীতিদেব বিষ্ণোই নামের ভারতীয় এক কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ নভেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটিতে black_spot_369 শীষক একটি অডিও ব্যবহার করা হয়েছে। উল্লিখিত অডিও ক্লিপটির বিষয়ে যাচাই করে দেখা যায়, এটি নেটফিক্সের Black Spot নামের একটি সিরিজের অডিও। উক্ত অডিওটি ব্যবহার করে এই পর্যন্ত প্রায় ৩২ হাজার রিল ভিডিও তৈরি হয়েছে বলেও জানা যায়।

Screenshot: Facebook

পরবর্তীতে প্রীতিদেব বিষ্ণোইয়ের ফেসবুক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে একইদিন অর্থাৎ, ১৩ নভেম্বর আলোচিত ভিডিওটি প্রচারের পরপরই আরেকটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটিতে তিনি জানান, আগের ভিডিওটি তিনি তার ছেলের সাথে মজার ছলে তৈরি করেছিলেন। আলোচিত ভিডিওটিতে বন্দুক হাতে যাকে গুলি করতে দেখা যায়, সেটি তার শিশু ছেলে সন্তান। উক্ত ভিডিওটিতেও তার ছেলেকে একই পোশাকে খেলনা বন্দুক হাতে দেখা যায়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি আসল নয়। এছাড়াও এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের মজার ছলে তৈরি ভিডিওকে সাম্প্রতিক সময়ে দেশে বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • PreetiDev Bishnoi Facebook Post
  • PreetiDev Bishnoi Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: