সম্প্রতি, কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির পুত্রবধূ নারী সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাংস্কৃতিক কর্মী ফারজানা বুবলীকে নিয়ে কুমিল্লা-৪ আসন গণ অধিকার পরিষদ মনোনীত সাবেক এমপি প্রার্থী মোঃ আঃ জসিম উদ্দিন “হাসনাত আব্দুল্লার সাথে মিলে আমাকে হারিয়েছিলো বুবলী তাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফারজানা বুবলীকে নিয়ে জসীম উদ্দীন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি মোঃ আঃ জসিম উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে জসিম উদ্দিনের বক্তব্য দাবিতে যে বক্তব্যটি প্রচার করা হচ্ছে সেখানে দাবি করা হয়েছে– গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফারজানা বুবলী কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথে মিলে কাজ করেছেন।
তবে, ফারজানা বুবলীর ফেসবুক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফারজানা বুবলী হাসনাত আব্দুল্লাহর পক্ষে নয় বরং, মোঃ আঃ জসিম উদ্দিনের পক্ষেই নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন।
অর্থাৎ, এতে প্রতীয়মান হয় যে প্রচারিত বক্তব্যে যে দাবি করা হচ্ছে সেটিও ভুয়া।
এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য মঃ আঃ জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, “এরকম কোনো বক্তব্য আমি দেইনি।”
সুতরাং, কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি প্রার্থী মোঃ আঃ জসিম উদ্দিন “হাসনাত আব্দুল্লার সাথে মিলে আমাকে হারিয়েছিলো বুবলী তাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Md A Jashim Uddin- Facebook Account
- Farzana Bubly- Facebook Post
- Md A Jashim Uddin- Statement


